টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশার চাপায় ইসরাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত ওই এলাকার সৌদি আরব প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাল বিকেলে বেড়িখোলা এলাকায় আঞ্চলিক একটি সড়ক পারাপারের সময় ইসরাত অটোরিকশার চাপায় আহত হয়। প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
বুধবার সকালে এ ঘটনার প্রতিবাদে বেড়িখোলা আঞ্চলিক সড়কটি অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয়রা। এ সময় অবরোধকারীরা অটোরিকশাচালক আসাদুলের ওপরে হামলা করে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নিহতের স্বজনদের দাবি, অটোরিকশাচালক আসাদুল একজন মাদকসেবী। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’