কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ আগুনে চারটি ঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা মালামাল, নগদ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ভোর রাতে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আহলে হাদিস মসজিদ-সংলগ্ন প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শেফাউল করিম জানান, ভোর ৪টার দিকে মালদ্বীপ প্রবাসী স্বপন মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বুড়িচং সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই একে একে চারটি ঘর পুড়ে যায়।

তিনি আরো জানান, স্বপন মিয়ার দু’টি ঘর সম্পূর্ণ পড়ে গেছে, এছাড়া ঘরের মধ্যে থাকা সকল আসবাবপত্র, চাল-ডালসহ পরিধানের কাপড়গুলো পুড়ে যায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, কম্বল ও খাদ্য সহায়তা প্রদান করেন।

এছাড়াও তাদের পুনর্বাসনে সরকারি সহায়তার আশ্বাস দেন ইউএনও।