সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকায় এদিন তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার সকালেও সূর্যের তীব্রতা ছিল চোখে পড়ার মতো। তবে সকাল ১০টার পর থেকে তাপমাত্রা কিছুটা কমে ৩২ ডিগ্রিতে নেমে আসে। দুপুর থেকে হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে এবং শরতের আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। এর আগে, সোমবার থেকে সিলেট বিভাগজুড়ে ‘তাপপ্রবাহ’ শুরু হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যেকোনো সময় সিলেটে স্বস্তির বৃষ্টি হতে পারে।
গত দুই দিনের তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বিশেষ করে, দিনমজুর, রিকশা ও ভ্যানচালকরা অতিষ্ঠ হয়ে পড়েন। অনেকেই সড়কে দাঁড়িয়ে শরবত পান করে গরম থেকে সাময়িক স্বস্তি নেয়ার চেষ্টা করেন। কেউ কেউ আশ্রয় নেন বহুতল ভবন বা বড় গাছের ছায়ায়।
এদিকে তীব্র গরমে ভোগান্তিতে পড়া সিলেটবাসী এখন আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য বৃষ্টির অপেক্ষায় রয়েছেন।