চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় রীনা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেটে এ ঘটনা ঘটে।

নিহত রীনা মিরসরাই উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির আজিত চন্দ্র নাথের স্ত্রী বলে জানা গেছে।

আহত ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের ছেলে অরুপ নাথ (১৮) ও রাজমিস্ত্রী স্বপন নাথ (৭০)।

এদিকে স্বপনের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেয়া হচ্ছিল। ক্লাস শেষে বাড়ি যেতে বড়তাকিয়া মাজার গেটে গাড়ির জন্য রীনা রানী রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ রাস্তার পাশে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন বলেন, ‘গাড়িতে উঠার জন্য যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। দুপুর ২টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই রীনা রানী ভৌমিকের মৃত্যু হয়। এ ঘটনার গাড়ির চালককে আটক করা হয়েছে।’