মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের পাশে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আতাবর ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। সে এমভি এস.এম. এন্টারপ্রাইজ' নামের একটি বাল্কহেডে লস্কর হিসেবে ছিলেন বলে জানা গেছে।

এর আগে গত রোববার বিকাল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করা বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলাম বলেন, এমভি এসএম এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডে আমরা এক সাথে কাজ করতাম। মালামাল খালাস করে রোববার আমরা তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেডটি নোঙ্গর করে রেখেছিলাম। বিকাল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্কহেডের ডেকের উপরে দাঁড়িয়ে ছিলাম। এসময় পাথর বোঝাই এমভি তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে আমাদের বাল্কহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যায়। সাথে সাথে নদীতে নেমে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’