গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
এদিকে তার সাথে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ডে দেখে পরিচয় শনাক্ত হয় এবং তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (সম্মান) শ্রেণীর অর্থনীতি বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে পুলিশের দাবি তিনি স্থানীয় পোশাক কারখানার শ্রমিক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার এসআই মোজাম্মেল হক জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মাহফুজুর রহমান আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী সংযোগ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সড়ক ও জনপথ অফিসের সামনে পৌঁছলে ছিনতাইকারীরা তার পথরোধ করে। তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়ায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে বুকে, পেটে এবং ডান পায়ের উরুতে উপর্যুপরি আঘাত করলে তিনি সড়কেই পড়ে যান। গুরুতর আহত অবস্থায় এক সিএনজিচালক তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মাহফুজুর রহমান টঙ্গী পূর্ব থানাধীন ব্লু-ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করতো।
তিনি আরো বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগ আলী মোড় ও গাজীপুরা এলাকায় সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে। বেশিভাগই টঙ্গীর বিআরটি ফ্লাইওভারে রাত ১০টার পর থেকেই ছিনতাইয়ের ঘটনায় ঘটছে। এ ফ্লাইওভার দিয়ে চলাচলকারী যানবাহন, চালক ও যাত্রীরা আতঙ্ক নিয়ে চলাফেরা করেন এবং প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন। মাঝে মাঝে দিনেও যখন লোকসমাগম বা চলাচল কম থাকে তখন অহরহ ফ্লাইওভারে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।