দুর্নীতির বন্ধে সবার আগে চেষ্টার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয়ে যাবে। আপনারা দোয়া করেন দুর্নীতি যেন বন্ধ করা যায়। দুর্নীতি বন্ধ করা গেলে দেশ দ্রত এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
কর্মসূচিতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ সংশ্লিষ্টরাও। এ সময় স্থানীয় কৃষকদের সাথে বিভিন্ন সমস্যা সঙ্কট নিরসনের আলোচনায় বিভিন্ন প্রশ্নোত্তর দেন উপদেষ্টারা।
পরে কৃষকদের নানা দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা ও বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেয়া হবে। কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগারও নির্মাণের কথা জানান তিনি।
কৃষকদের সাথে মতবিনিময়কালে এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, মুন্সীগঞ্জের উন্নয়ন জন্য কিছু প্রকল্প নেয়া হয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যেটা বরাদ্দ হয়েছে সেটা যেনো যথাযথভাবে কাজ হয়। এখানে প্রকৃতি পরিবেশ রক্ষা করে যেন উন্নয়নের কাজ হয়। এটা চেষ্টা করতে হবে।
এবার আল্লাহর রহমতে ধানের ফলন ভালো হয়েছে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আরো বলেন, সারা দেশের মানুষ যেনো তাদের অভাবের থেকে মুক্ত হয়। দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণটা অর্জিত হয় এবং দেশের মানুষ যেনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।