নাটোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির (৩৩) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এমপি প্রার্থীসহ দুইজন।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর সদর আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী ও মোটরসাইকেল চালক জিম (২০)। জিম নাটোর আরটিভির জেলা প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহত আলতাফ রেজা আবির নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ ওয়াসিক আলী লাকির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে নাটোরে ফেরার পথে পুলিশ লাইন্সের সামনে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আবির নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর আসনে এমপি প্রার্থী মোহাম্মদ আলী ও জিমকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।