চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ঘাস কাটতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন দু’ বাংলাদেশী কৃষক। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।
শুক্রবার (৬ জুন) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।
আটক হওয়া দু’ কৃষক হলেন জীবননগরের নবদুর্গাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২৩) এবং নজির আহমেদের ছেলে ইসরাফিল হোসেন (১৪)।
৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো: সিহানুক জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেনিপুর বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান ওই দু’ কৃষক। এ সময় তারা ৬২/৭-এস নম্বর পিলারের কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। পুটখালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সিসিটিভিতে বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।
ঘটনার পর ৫৮ বিজিবি অধিনায়কের সাথে বিএসএফের পুটখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ড্যান্টের যোগাযোগ হয়। এরপর বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উভয়পক্ষ অংশ নেয়। বৈঠক শেষে বিএসএফ আটক দু’ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং আটক দু’জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয় বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।