মাদারীপুরে বিআরটিএ অফিসে জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালিয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় বিআরটিএ অফিস, প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠ ও আশপাশের কম্পিউটার দোকানগুলোতেও অভিযান চালায় দুদক।
অভিযানে দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজন ও প্রাক্টিক্যাল পরীক্ষা দিতে আসা লোকজনের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা। পরে বিআরটিএ অফিসের পেছনে কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালানো হয়। তবে এ সময় অভিযানে কাউকে আটক করা হয়নি।
দুদক কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে বিআরটিএ অফিসে দুদক অভিযান চালিয়েছে। ঘুষ লেনদেনসহ বেশকিছু অভিযোগ আছে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি।
তিনি বলেন, কিছু নথিপত্র সংগ্রহ করেছি। সবকিছু পর্যালোচনা করে সত্যতা পাওয়া মাত্রই আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।