কিশোরগঞ্জে তিন হাজার কবর খোঁড়া সেই মনু মিয়াকে লাল ঘোড়া উপহার দিতে আগ্রহ প্রকাশ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

মঙ্গলবার মনু মিয়ার সাথে যোগাযোগ করে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘মনু মিয়ার ঘোড়াটি কিছু দুষ্কৃতকারী হত্যা করেছে। আমি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পাশে দাঁড়াতে চাই।’

তিনি জানান, ‘গত ১৪ মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদরাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।’

৬৭ বছর বয়সী মনু মিয়া যখনই কবর খোঁড়ার ডাক আসত, নিজের চলার সঙ্গী ঘোড়াটি নিয়ে বেড়িয়ে পড়তেন ওই বাড়ির উদ্দেশে। অর্ধ-শতাব্দী ধরে কিশোরগঞ্জের ইটনার হাওরাঞ্চলের এই বৃদ্ধ তিন হাজারের বেশি কবর খুঁড়েছে বিনা পারিশ্রমিকে।