ক্রাফট ইন্সট্রাকটরদের (ল্যাব সহকারী) পদোন্নতি বাতিলসহ ৬ দফা দাবিতে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে তিন কিলোমিটার দূরে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সড়ক অবরোধ করেন। পরে তারা জিরো পয়েন্ট সংলগ্ন মুক্তমঞ্চের সামনে সমাবেশ করে সেখানেই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৭ম পর্বের শিক্ষার্থী মো: আল আরাফাত নীরব।

শিক্ষার্থীরা দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে বলেছেন, ‘অন্যথায় ১৬ এপ্রিল থেকে সারাদেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটে কঠোর কর্মসূচি পালন করা হবে।’

ঘোষিত ৬ দফার মধ্যে রয়েছে- ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশ করা শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্ত্বেও সরকারি, রাষ্ট্রায়াত্ত ও স্বায়ত্ত্বশাসিত এবং স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পলিটেকনিক এবং মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা।