গাজীপুর মহানগরীর জলমগ্ন বিল থেকে গরুকে খাওয়ানোর জন্য কচুরি কাটতে গিয়ে ৭০ বছর বয়সী আমিরজান নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ নীলের পাড়া এলাকায় বর্ষার জলমগ্ন বিলে এ ঘটনা ঘটে।

নিহত আমিরজান ওই এলাকার ইসলাম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত বর্ষা বিলে গরুর জন্য কচুরি কাটতে গিয়েছিলেন আমিরজান। কয়েক ঘণ্টা পরেও তিনি বাড়ি ফেরেননি। এতে সন্দেহ হওয়ায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবার। পরে বিলের পানিতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।

এদিকে ঘটনাস্থলেই দেখা গেছে, লাশ পাওয়া স্থানটি হাঁটুর পানির গভীরতায় ছিল। বিলের পানিতে ডুবে বা তলিয়ে যাওয়ার মতো গভীরতা ছিল না সেখানে। ধারণা করা হচ্ছে, বয়সজনিত কারণে পানিতে দাঁড়িয়ে কাত হয়ে পড়ে যাওয়ার ফলে আর উঠতে পারেননি তিনি।