ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে এক মানববন্ধন থেকে ইসরাইলি পণ্য বয়কটের শপথ করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা জজ আদালতে ফরিদপুরের আইনজীবী ও আইনজীবী সহকারীদের আহ্বানে এ মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল হোসাইন শামীম, এপিপি অ্যাডভোকেট সরোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহীন আহমেদ, আইনজীবী সহকারী জাহিদ হোসেন, সুজন শেখ, চুন্নু শেখ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘গাজা ভূখণ্ডে মুক্তিকামী ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইল বাহিনীর হামলায় নারী-শিশুসহ কোনো প্রাণী রেহাই পাচ্ছে না। সেখানে মজলুমদের আর্তনাদে বিশ্বের সকল শান্তিকামী মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হলেও সাম্রাজ্যবাদী পরাশক্তির বিবেক জাগ্রত হচ্ছে না। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে লড়াই চালিয়ে যেতে হবে।’
তারা আরো বলেন, ‘ফিলিস্তিনিদের মুক্তির সমর্থনে আমরা ইসরাইলি পণ্য বয়কটের শপথ নিয়েছি। জীবনে আর কোনোদিন আমরা এই ইসরাইলি পণ্য কিনব না।’