সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার বেশি ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৫ জুলাই) পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
এর আগে, সোমবার (১৪ জুলাই) জকিগঞ্জ ব্যাটালিয়ান ১৯ বিজিবি পৃথক অভিযানে এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের ৬৫টি ভারতীয় মহিষ আটক করে।