নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মো: আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি এক ঔষুধ কোম্পানিতে চাকরি করেন এবং চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী শিশু মা-বাবার সাথে পাশ্ববর্তী ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিমের বাবা-মা দু’জন চাকরি করেন। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা বাসায় ছিলেন না। ভিকটিম ঘর ঝাড়ু দেয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে নিয়ে শ্লীলতাহানি করেন। এ সময় শিশুটির চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং কবিরকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেন।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: রাজীব আহমেদ চৌধুরী জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘ভিকটিম ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’