‘বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত নিরলসভাবে কাজ করছে’ মন্তব্য করে কুষ্টিয়া জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেছেন, বাংলাদেশের মানুষ সুশাসন দেখতে চায়।বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য শত শত ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন।
রোববার (১৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল হাশেম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ দিন ধরে ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা। বাংলাদেশর মানুষ আর তা দেখতে চায় না।’
এ ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব মাযহার, দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: আরজউল্লাহ।
এতে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন।
এ সময় উপজেলা জামায়াতের বুলবুল আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও এ ইফতার মাহফিলে দৌলতপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন ও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।