বেনাপোলে এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানা কর্ম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম স্থবির ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে ব্যবসায়ীরা।
রোববার (২৫ মে) সকাল থেকেই বেনাপোল কাস্টম হাউসে কর্মবিরতি পালন করার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল কাস্টমসের হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান।
জানা গেছে, গত ১৪ মে থেকে তাদের এই কর্মবিরতি চলছে। এর মধ্যে ২০ মে ও ২২ মে বেনাপোল কাস্টম হাউসে শুল্কায়ন কার্যক্রম চালু ছিল। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তারা ২৪ মে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলম বিরতি পালন করে।
আমদানিকারক আনোয়ার আলী আনু বলেন, ‘কাস্টমস অফিসারদের কর্মবিরতির কারণে বন্দরে আমাদের মালামাল দিনের পর দিন আটকে থাকছে। বন্দরের অতিরিক্ত ভাড়ার টাকা গুনতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার মোবাইলফোনে জানান, ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমসে শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে গত ১৪ মে থেকে। তবে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানির রফতানি বাণিজ্য ও যাত্রী পারাপার স্বাভাবিক গতিতেই চলছে। শনিবার বেনাপোল বন্দর দিয়ে ৩৫৭ গাড়ি পণ্য আমদানি হয় এবং বেনাপোল থেকে ১৯৪ গাড়ি পণ্য ভারতে রফতানি হয়েছে।