রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মায় ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি ইলিশ ৮ হাজার ৪২৮ টাকায় বিক্রি করা হয়েছে। এ মৌসুমে এটাই সবচেয়ে বড় ইলিশ বলে জানিয়েছেন আড়তদার।

শুক্রবার (৯ মে) সকালে অনলাইনের মাধ্যমে মাছটি কিনে নেন এক প্রবাসী।

শাকিল সোহান মাছের আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘ভোরে জেলে ইসমাইল হালদারের কাছ থেকে ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৮ হাজার ২৩২ টাকা দিয়ে কিনে নেই। পরে বিক্রির জন্য মাছটির ছবি তুলে ফেসবুকে আপলোড করি। পরে সে ছবি দেখে এক প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। প্রবাসীর পরিবার চট্টগ্রামে থাকায় মাছটি সেখানে ডেলিভারি করা হবে।’

তিনি আরো বলেন, ‘এ মৌসুমে এটাই সবচেয়ে বড় ইলিশ মাছ। এত বড় ইলিশ মাছ অনেকদিন এ পদ্মায় পাওয়া যায় না। তাই বেশি দাম হলেও মাছটি আমি কিনে নিয়েছি। পদ্মার বড় ইলিশের চাহিদাও রয়েছে বেশ ভালো।’

জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা বলেন, ‘অনেক আগে নদীতে বড় আকারের ইলিশ মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে বড় সাইজের ইলিশ মাছ সচরাচর কম পাওয়া যায়। তবে মাঝেমধ্যেই দৌলতদিয়ায় বড় আকৃতির ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা খুশির খবর।’