সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৮ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় করিম শরীফ বাহিনীর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে কোস্ট গার্ড ও নৌ-বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ডাকাত দল পালিয়ে গেলেও মো: আল আমিন নামে এক সদস্যকে একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গোলা ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। পরে আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে খুলনা থেকে রেজাউল গাজী বাবু নামে করিম শরীফ বাহিনীর আরেক সদস্যকে আটক করা হয়।
জানা গেছে, আটক সদস্যরা দীর্ঘদিন ধরে করিম শরীফকে অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনকে ডাকাতমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আটক সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।