সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও গুলির ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতার রেজাউল করিম গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে এসে সরকার বিরোধী কার্যকলাপ ও সম্প্রতি সময়ে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি গ্রুপ মিটিং এ অংশগ্রহণ করেন তিনি।

এছাড়া সম্প্রতি সময়ে তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নিয়েছিল। বুধবার (১৪ মে) সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গ্রেফতার করা অ্যাডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার সাথে তার সস্পৃক্ততা রয়েছে।