চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বাড়ির দেয়াল ভাঙ্গার সময় তা ভেঙ্গে গায়ে পড়ে আলী মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোণা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী মিয়া একই গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।
জানা যায়, সকালে একটি আধপাকা বসতঘর ভাঙ্গার সময় দেয়ালের একাংশ আলী মিয়ার গায়ের ওপর আছড়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শহীদ মিস্ত্রী বলেন, ‘সকালে প্রবাসী আনোয়ার হোসেনের নতুন নির্মাণাধীন বাড়িতে সবাই একসাথে কাজ শুরু করি। আলী মিয়া পুরাতন বাড়ি ভাঙ্গার কাজ করছিলেন। দেয়াল ভাঙ্গতে গিয়ে অসাবধানতাবসত একটি অংশ তার বুকে এসে পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রবিউল ইসলাম খান জানান, দেয়াল ভাঙ্গতে গিয়ে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।