সিলেট সীমান্ত এলাকায় আবারো ৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার ভোর ৪টা থেকে ৭টার মধ্যে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ ছাতকের নোয়াকোট, কোম্পানিগঞ্জের কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির সীমান্ত দিয়ে চারটি আলাদা গ্রুপে তাদেরকে ঠেলে দেয়া হয়।
এদিকে, বিজিবির টহল দল দ্রুত অভিযানে অংশ নিয়ে ওই ৫৩ জনকে সীমান্তবর্তী উক্ত এলাকা থেকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই আগে অবৈধভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে গমন করেছিল।
জানা গেছে, ৫৩ জনের মধ্যে সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর বিওপি এলাকা দিয়ে ৩২ জনকে এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্তে ২১ জনকে পুশইন করা হয়। এদের মধ্যে পুরুষ ১১জন, নারী ৩২ জন ও শিশু রয়েছে ১০ জন। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বেশিভাগ নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার।
বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে: কর্ণেল নাজমুল হক নয়া দিগন্তকে জানান, আটকদের মধ্যে রয়েছেন নড়াইলের ২৩ জন, সাতক্ষীরার ১০ জন, যশোরের ১০ জন, সিলেটের চারজন, বরিশালের দু’জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদীর একজন করে।
এদিকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিজিবি জানায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।