নাটোরের সিংড়ায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ফাতেমা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুস সালামের (নানা) বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা একই উপজেলার কৈগ্রামের ফেরদৌস আলীর মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ঈদের ছুটিতে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় ফাতেমা। পরে দুপুরে পুকুরে গোসল করতে যায় সে। এ সময় মায়ের অগোচরে ডুবে নিখোঁজ হয়ে যায় ফাতেমা। পরে বেলা সাড়ে ৩টার দিকে তার লাশ ভেসে ওঠে। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, থানায় এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।