যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (৭ মে) রাত ১২টার দিকে পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
মামলায় আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মরহুম আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তার ছেলে লাল্টু (২৬)।
চৌগাছা থানা সূত্রে জানা গেছে, মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০৫ জনসহ মোট ১৪১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।
পরে বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই আমরা আইনিব্যবস্থা নিয়েছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেফতারের সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।