গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় ঈদের দিন সোমবার সকালে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফুপু-ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক এবং আরো তিন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। এটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামীর একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এসময় সিএনজিতে থাকা শিশু তাবাসসুম (৫) ও তার ফুপু ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা সিএনজিচালক ও অপর যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়।

নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।