গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় অন্তত দুইজন নিহত এবং আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশে ছেড়ে যাওয়া তাকওয়া পরিবহনের একটি মিনিবাস কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছালে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতাল, পপুলার হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে তাকওয়া পরিবহনের মিনিবাসটি ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।