সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকায় ময়লার স্তূপ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক থেকে খণ্ডিত পায়ের অংশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সড়কের পাশের ময়লার স্তূপে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের অংশটি উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ময়লার স্তূপে মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ পড়ে আছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পায়ের অংশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পায়ের অংশটি কোন ব্যক্তির, তা শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর অস্ত্রোপচারের সময় কেটে ফেলা পায়ের অংশটি কেউ ময়লার স্তূপে ফেলে রেখে গেছেন। পায়ের অংশটিতে কিছুটা পচন ধরেছিল। ইউএনবি