নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে চাচাতো বোন হৃতিকা বৈরাগীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার মামলায় হৃদয় বৈরাগীকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এ সময় হৃদয় আদালতে উপস্থিত ছিলেন না।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত হৃদয় বীড়গ্রামের দিলীপ বৈরাগীর ছেলে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে বীড়গ্রামের দশরথ বৈরাগীর শিশুকন্যা হৃতিকা চাচাতো ভাই হৃদয়দের বাড়িতে খেলতে যায়। রাতে হৃতিকা বৈরাগী ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজ করেন। পর দিন দুপুরে স্থানীয় লোকজন ওই গ্রামের পুকুর পাড়ের শিশুটির লাশ দেখতে পান।
একপর্যায়ে পরিবারসহ প্রতিবেশীরা জানতে পারেন, হৃদয় বৈরাগী চাচাতো বোন হৃতিকাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে পুকুরপাড়ে ফেলে দেয়। এ ঘটনায় হৃদয়কে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করা হয়।