পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ঢেউয়ের তোড়ে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটক মারা গেছেন।

শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজেশ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শরৎ কুমার পালের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে সাথে নিয়ে কুয়াকাটা ভ্রমণে যান রাজেশ কুমার পাল। পরে শনিবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতে গোসল করতে নামেন তারা। গোসলের একপর্যায়ে প্রবল ঢেউয়ে সমুদ্রের গভীরে চলে যান রাজেশ। পরে ডুবে যান তিনি।

ঘটনায় স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।