নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাছিবুর রহমান হাসিব নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।

নিহত হাছিবুর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার রাতে পুর্বাসন কেন্দ্রে স্বেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সাথে যুবদল নেতা শামীম পক্ষ শাহীনের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিস আটকে রেখে মারধোর করে। বিষয়টি জানতে পেরে ভোর সাড়ে ৩টার দিকে রাব্বানী ও করিমসহ তাদের লোকজন শামীমের অফিসে রবিনকে ছাড়িয়ে আনতে গেলে শামীম ও তার লোকজনের সাথে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে আহত হন হাছিবুর, রাসেল ও বাশারসহ কমপক্ষে ১০ জন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হাছিবুর। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার রাতভর সংঘর্ষে ঘটনায় আজ বুধবার সকালে পুলিশ ও র‍্যাব যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।