বর্ষা এলেই পথচারীর জন্য যেন মৃত্যুফাঁদ হয়ে দাঁড়ায় টাঙ্গাইলের সখীপুর-সাগরদীঘি সড়ক। খানাখন্দে ভরপুর থাকা সড়কটিতে যেন লেগেই থাকে দুর্ঘটনা। কর্তৃপক্ষের নামমাত্র সংস্কার যেন দু’দিন পরেই রূপ নেয় পুরনো চেহারায়। এতে যেন দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষজনের।
শনিবার (২১ জুন) উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, সৌখিন মোড় থেকে সখীপুর সরকারি কলেজ পর্যন্ত কচুয়া বাজার চৌরাস্তা অংশ এবং কচুয়া বাজার থেকে আড়াইপাড়া পর্যন্ত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) আওতায় পড়া সখীপুর-সাগরদিঘী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। সখীপুর, বাসাইল, মির্জাপুর, কালিহাতি, ঘাটাইল, ফুলবাড়িয়া, ভালুকা, গফরগাঁও ও ত্রিশাল উপজেলার সংযোগ সড়ক এটি। এসব অঞ্চলের বাণিজ্যিক পণ্য আমদানি-রফতানিতেও ব্যবহার করা হয় সড়কটি। এছাড়া বাংলাদেশের অন্যতম বৃহৎ কলার হাটে যাওয়ার মাধ্যম এ সড়ক।
আরো জানা যায়, বর্তমানে আম-কাঁঠালের মৌসুমে সখীপুর থেকে সারাদেশে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল রফতানি করা হয়ে থাকে। সড়কে খানাখন্দ থাকায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে আম-কাঁঠালসহ অন্য পণ্য আমদানি-রফতানি করতে ব্যাহত হচ্ছেন।
এদিকে সামনে এইচএসসি পরীক্ষা থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে যেতে পারা নিয়েও শঙ্কায় রয়েছেন পরীক্ষার্থীরা।
সড়কটিকে মানুষের জন্য একটি মরণফাঁদ উল্লেখ করে সখীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: মনিরুজ্জামান বলেন, ‘এ সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ তৈরি হওয়ায় বৃষ্টির পানিতে ভরে থাকে। এগুলো দূর থেকে বুঝা যায় না। ফলে সহজেই দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি সংস্কার করেন সেই আহ্বান থাকবে।’
জনদুর্ভোগ কমাতে আসন্ন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সবুর রেজা।
এ সড়কে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে সখীপুর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন স্কুল-কলেজশিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। অবিলম্বে সড়কটি মেরামত না করা হলে জনদুর্ভোগ আরো চরমে পৌঁছাবে।
এদিকে দু’য়েক দিনের মধ্যে সড়কে সাময়িক সংস্কারের কাজ শুরু হবে আশ্বাস দিয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান নয়া দিগন্তকে বলেন, সখীপুর-সাগরদীঘি সড়কের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। দু’য়েক দিনের মধ্যে সাময়িক সংস্কারের কাজ শুরু হবে। আগামী জুলাই-আগস্ট মাসে স্থায়ী সংস্কার শুরু করতে পারব বলে আশা করছি।