ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো, সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি মানদণ্ড নির্ধারণসহ ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। এ সময় শ্রমিকদের স্বার্থ রক্ষায় ৩১ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো মধ্যে রয়েছে, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে মজুরি বৈষম্য কমানো, মজুরি কাঠামোর বৈষম্য দূরীকরণ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা এবং পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত, গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করা।
এ ছাড়া মে দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি।
তিনি বলেন, ‘আগামী ১ মে সকাল ৮টায় বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, খাদ্য ও গেঞ্জি বিতরণসহ দিনব্যাপী নানামুখী কর্মসূচি পালন করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বগুড়া মহানগরীর সভাপতি আজগর আলী, জেলা সভাপতি মঞ্জুরুল ইসরাম রাজু, জেলা সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, মহানগর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম প্রমুখ।