চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ভারতে পালানোর সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পাসপোর্টসহ ইমিগ্রেশনে উপস্থিত হলে সফটওয়্যারে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য থাকায় তাকে আটক করা হয়।
আটক জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলার সাদিপুর গ্রামের মরহুম আবু বাক্কার মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি তারেক মাহমুদ জানান, যাত্রীদের তথ্য যাচাইয়ের সময় জুবায়ের ইসলামের বিরুদ্ধে তানোর থানায় দুটি নিয়মিত মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হওয়া ওই মামলাগুলোতে জুবায়ের ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন।