বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে এস্টার বম (৩১) নামের এক নারী জুম চাষি আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবান-থানচি সড়কের ১৭ মাইলে চোয়ানচুংপাড়া বম ছাত্রাবাসের এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী বর্তমানে বান্দরবানে একটি বেসরকারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকালে স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেলে করে বান্দরবান-থানচি সড়কের পাঁচ মাইলে নিজেদের বেথেনিপাড়া থেকে এম্পুপাড়ায় যাচ্ছিলেন। ১৭ মাইলে চোয়ানচুংপাড়া বম হোস্টেল পেরিয়ে সড়কটির ঢালুতে নামার সময় জঙ্গল থেকে একটি ভাল্লুক অতর্কিতভাবে হামলা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখান থেকে বান্দরবান সদরে ইম্মানুয়েল মেডিক্যাল সেন্টারে নেয়া হয়।

টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, আহত ওই নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া তার খোঁজখবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে গরমের এই সময়ে পাহাড়ে ভাল্লুকের উৎপাত বেড়ে যায়। জুমে আগুন লাগলে বন্যপ্রাণীগুলো লোকালয়ে চলে আসে ও আক্রমণ করে। ২০২১ সালে চিম্বুক পাহাড়ের পাবলা হেডম্যানপাড়ায় ভাল্লুকের আক্রমণে এক শিশুসহ দু’জন আহত হয়েছিল। ২০২০ সালেও ভাল্লুকের আক্রমণে চিম্বুকপাড়া ও থানচিতে চারজন আহত হয়েছে।