গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া তিনটি লেমুর থেকে একটিকে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ ঘটনায় মো: দেলোয়ার হোসেন তাওসীফ (২২) নামের আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার দেলোয়ার হোসেন শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
এর আগে, লেমুর চুরির ঘটনায় জহিরুল ইসলাম ও নিপেন নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের একজন পার্কের কর্মী ও অন্যজন স্থানীয় বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৩ মার্চ দিবাগত রাতে গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ থেকে লোহার জাল কেটে তিনটি লেমুর চুরি হয়। এর মধ্যে দুটি পুরুষ রিংটেইল লেমুর এবং একটি স্ত্রী রিংটেইল। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৭ এপ্রিল শ্রীপুর থানায় একটি মামলা করে। লেমুর চুরির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পার্ক কর্তৃপক্ষসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় লেমুর উদ্ধারে কাজ শুরু করে।
পরে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শুক্রবার গভীর রাতে জামালপুর সদর উপজেলার আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর শ্যামবাজার মসজিদ সংলগ্ন এলাকার নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। লেমুরটিকে সাফারি পার্কে পাঠানো হয়েছে। বাকি দুটি লেমুর উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।