টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সখীপুর প্রতিনিধি সাজ্জাত লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলা প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবের ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটার ভোট দেন।
পরে প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ শাকের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে অন্যদের মধ্যে দায়িত্ব পালন করেন সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাকেরুল মওলা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: বাহারুল ইসলাম প্রমুখ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে ১৮ ভোট পেয়ে শাকিল আনোয়ার (কালের কণ্ঠ) টানা দ্বিতীয়বার এবং ২১ ভোট পেয়ে সাজ্জাত লতিফ (যায়যায়দিন) টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম (আমার সংবাদ) ২২ ভোট, সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম শাফলু (এশিয়ান টিভি) ২০ ভোট, সিনিয়র সহ-সম্পাদক পদে শরীফুল ইসলাম বাবুল (জনবাণী) ২৬ ভোট, সহ-সম্পাদক পদে জুয়েল রানা (দেশ রুপান্তর) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম নাহিদ (মানবকণ্ঠ), অর্থ-সম্পাদক পদে ইসমাইল হোসেন (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মো: নজরুল ইসলাম টাইগার (সময়ের কথা), দফতর সম্পাদক পদে সোহেল রজত (স্বাধীন বাংলা, সখীপুর অনলাইন নিউজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।