চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে গিয়ে অতিবৃষ্টিতে আটকে পড়া ৮ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টায় নুরনবী নামে একজন কলার ৯৯৯ এ ফোন করে জানান, ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির ৮ জন ছাত্র ঢাকা থেকে চট্টগ্রামের রূপসী ঝরনায় ঘুরতে গিয়েছিলেন। মিরসরাই উপজেলার বড় দারোগাহাট থেকে হাঁটাপথে ট্র্যাকিং করে ঝরনা ঘুরে ফেরার পথে দেখেন অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথগুলো পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোতস্বিনী নদীতে পরিণত হয়েছে। তাদের মধ্যে চারজন সাঁতার জানেন আর চারজন জানেন না।

নুরনবী আরো জানান, এখন তীব্র স্রোত পাড়ি দিয়ে তাদের পক্ষে ফেরা সম্ভব নয়, এমনকি যারা সাঁতার জানেন তাদের পক্ষেও নয়। তিনি তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

পুলিশ জানিয়েছে, এ সম্পর্কিত প্রথম কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার এএসআই কাজল ভুঁইয়া এবং দ্বিতীয় কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-মামুন। এএসআই কাজল তাৎক্ষণিকভাবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান এবং কনস্টেবল মামুন মিরসরাই থানায় বিষয়টি উদ্ধার তৎপরতায় যুক্ত হওয়ার জন্য জানান। পরবর্তীকালে কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিস্পাচার এএসআই হারুনুর রশীদ এবং ৯৯৯ ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো: হানজালাল।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মিরসরাই থানার একটি দল ফায়ার সার্ভিস কর্মীদের সাথে উদ্ধার তৎপরতায় যুক্ত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী উভয় দলকেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁটাপথে ঘটনাস্থলে যেতে হয়েছে। উদ্ধার-প্রচেষ্টায় তীব্র স্রোতের মধ্যে দড়ি টাঙিয়ে পর্যটক ৮ ছাত্রকে নিরাপদে পার করে নিয়ে আসা হয় এবং নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে।