টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

পরিবারসূত্রে জানা গেছে, আজ বেলা ১২টার দিকে সাফওয়ান মা-বাবার সাথে তার মামার বাড়ির উদ্দেশে রওনা হয়। এ সময় অটোগাড়ি থেকে নেমে তার বাবা ভাড়া দেয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে ট্রাকচাপায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।