মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্ট্রোক জনিত কারণে নিহত আহমেদ কামালের (৪৮) মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো: শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো: জাহিদুল ইসলাম। এ সময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি আলমগীর মজুমদার, মালদ্বীপ যুবদলের পদপ্রত্যাশী আরিফুল ইসলাম, আব্দুল মান্নান, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মাসুম মুন্না ও নুর নবী মানিক প্রমুখ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শরিফুল ইসলাম এবং আরিফুল ইসলাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘আহমেদ কামাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত ছিলেন।’
সবাই তাকে ক্ষমা করে দিয়ে তার আত্মার জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এবং প্রয়াত আহমেদ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি মালদ্বীপ শাখার ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন প্রয়াত আহমেদ কামাল। গত (৬ ডিসেম্বর) বুকের ব্যথা জনিত কারণে স্ট্রোক করে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামে।