ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্ঘটনায় সজল (৪৫) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সজল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নজরুল ইসলামের ছেলে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুর এলাকায় ঢাকাগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই সময় পিকআপচালক সজল মারা যান।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শওকত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।