ফরিদপুরের বোয়ালমারীতে তৃতীয় বিয়ে করা নিয়ে প্রথম স্বামীর নির্যাতনে ময়না বেগম (৩৫) নামে এক নারীশ্রমিক হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মাঝিকান্দিপাড়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ময়না বেগম ওই গ্রামের ইউনুস শেখের মেয়ে।

সূত্রে জানা যায়, ১৫ বছর আগে সালথা উপজেলার শরিফুল ইসলামের সাথে ময়না বেগমের প্রথম বিয়ে হয়। দু’মাস পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর দাদপুর ইউনিয়নের শামীম হোসেনের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। দুই বছর আগে শামীম মারা যান। রোববার (২৭ এপ্রিল) চুয়াডাঙ্গার জামাল হোসেন নামে এক ব্যক্তির সাথে ঘর জামাই থাকার শর্তে পারিবারিকভাবে তার তৃতীয় বিয়ে হয়।

ময়নার ভাই একরাম শেখ জানান, তৃতীয় বিয়ের খবর পেয়ে বুধবার (৩০ এপ্রিল) সকালে শরিফুল লোকজন নিয়ে ময়নাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং নির্যাতন করে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ময়নার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।