এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে রংপুরের বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে। তাকে চূড়ান্তভাবে অপসারণ কেন করা হবে না এই মর্মে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশও দেয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মে কলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিয়েছেন। তদন্তে সুস্পষ্টভাবে তা প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে আপনাকে (আবু বকর সিদ্দীক) ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় আপনার পদ থেকে আপনাকে কেন অপসারণ করা হবে না, তা পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।’

এ ব্যাপারে দামোদরপুর ইউপির চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক জানান, ‘আমি কোনো রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দেইনি। স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে সাময়িক বরখাস্ত করার খবর জানার পরেই আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।’