চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করতে পারায় এক অসুস্থ নারীকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোছা: নুরুন নাহার (৪৭) নামের ওই নারী ১৪ মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পরও পুরো টাকা পরিশোধ করতে না পারায় সন্ধ্যা ৬টার দিকে তাকে অফিসে তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

নুরুন নাহারের ছোট ছেলে নাম না বলে কাঁদতে কাঁদতে জানান, ‘আমার মা অসুস্থ। অনেক কষ্টে আজ ১০ হাজার টাকা নিয়ে অফিসে এসেছিলাম। কিন্তু পুরো টাকা না দিতে পারায় তারা আমার মাকে অফিসের বারান্দায় তালা লাগিয়ে আটকে রেখেছে।’

অভিযোগের বিষয়ে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘তিনি (নুরুন নাহার) ১৪ মাস আগে ঋণ নিয়েছিলেন, কিন্তু কিস্তির টাকা ফেরত দিচ্ছেন না। অনেকবার বলা সত্ত্বেও টাকা পরিশোধ না করায় আমার ওপর অফিস থেকে চাপ এসেছে, এমনকি আমার বেতনও বন্ধ করে দিয়েছে অফিস।’

এ সময় আবেদা খাতুন পুলিশকে বলেন, ‘আমি ওনাকে অফিসে রেখে বাজারে গিয়েছি। তারপর রুমে ফিরে নামাজ পড়েছি, ওষুধ খেয়েছি। এরপর অফিসে এসে দেখি এতো মানুষ।’

অফিস কক্ষে তালাবদ্ধ থাকা অবস্থায় নুরুন নাহার বলেন, ‘আমি সব টাকা দিয়ে দেব। এখনই একসাথে সব দেয়া সম্ভব নয় বলে তারা আমাকে আটকে রেখেছে। আমি অসুস্থ বলার পরও আমাকে আটকে রেখে চলে যায়।’

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাত ৮টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে।

জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ছুটে এসেছি। এটি অত্যন্ত অনভিপ্রেত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।