বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী বলেছেন, ‘বাংলাদেশে মেধাবীর অভাব নেই, অভাব হচ্ছে মেধার সাথে চরিত্রের। মানবিক মূল্যবোধ ও চরিত্র ছাড়া মেধা দেশ গঠনের কাজে লাগে না বরং তা দুর্নীতি ও দেশ ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। চরিত্র ও নৈতিকতা সংরক্ষণের জন্য সঠিক সঙ্গ প্রয়োজন। আর ছাত্রশিবির সেই সঙ্গ দিয়ে মেধাবীদের দেশ গঠনের উপযোগী করে তুলে।’

শুক্রবার (২৫ জুলাই) সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ছাত্রশিবিরের প্রকাশনা সামগ্রী ও ফুল তুলে দেয়া হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. জাহিদ হোসাইন, ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।