স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যার নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
ডা: মোহাম্মদ আবু জাফর আরো জানান, বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য ইতোমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিসিএস থেকে আরো সাড়ে তিন হাজার চিকিৎসক নেয়ার পরিকল্পনা হয়েছে। সেই সাথে অ্যাকাডেমিক পদায়নের জন্যও সুপারনিউমারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ।
এসময় মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দিয়েছি। এছাড়া গুরুতর আহত ৪০জনকে দেশের বাইরে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব অর্পণ করা হয়েছে।’
এর আগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি রোগীদের সমস্যা এবং সঠিক চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আনিছুজ্জামান পিয়াস ও নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।