হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় চার গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ব বিরোধের জেরে রাধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সাথে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।