লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জান্নাতী বেগম (১২) নামে এক স্কুলছাত্রীকে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত বেলাল হোসেনকে (১৯) গ্রেফতার করে পুলিশ।

নিহত জান্নাতী বেগম উপজেলার ভোটমারী চর শৌলমার গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে জান্নাতি বেগমকে বাড়িতে একা রেখে পাশে অসুস্থ নানিকে দেখতে যান তার মা। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে তাদের বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে জান্নাতীর হাত বাঁধা লাশ দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা ফজলুল হক। এ মামলায় পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, নিহত জান্নাতীর মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে নিহতের ভাইয়ের সাথে গ্রেফতার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে।