মৌলভীবাজারের কুলাউড়ায় শিশুসহ সাত বাংলাদেশীকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় খবর পেয়ে পুশ ইন করা সাতজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশ ইনের পর তুতবাড়ির কাছের এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও তিনজন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এ বিষয়ে বিজিবি-৪৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা বাংলাদেশী নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করব।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশ ইনের শিকার হয়ে ১৪ জন বাংলাদেশীকে আটক করা হয়েছিল বলে জানায় বিজিবি।