চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক বিয়ের শতাধিক বরযাত্রী ভুল করে অন্য বিয়ের ভোজের খাবার খেয়ে ফেলেছেন।
শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং জলসা কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দু’টি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ১০০ বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। সেখানে সবাই বসে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।
এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য নুরুল কবির বলেন, ‘তারা ভুল করে আমাদের আয়োজনে চলে আসে। সবাই একসাথে খাওয়া-ধাওয়া করে। আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে।’
স্থানীয় বাসিন্দা মজিবুল হক বলেন, ‘আমাদের বাড়ির পাশে জলসা ক্লাবে বিএনপির এক নেতার ভাতিজির বিয়ের অনুষ্ঠান হয়েছে। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’
ঘটনাটি নিয়ে এলাকায় যেমন ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তেমনি হাস্যরসের উপকরণে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।